Tathagata Roy Profile picture
Right-wing Hindu thinker, writer, iconoclast, social media influencer. Former Governor. East Bengal Hindu ancestry. Bharat Mata ki Jai

Sep 13, 2020, 8 tweets

আজ আমার অন্যতম প্রিয় বাংলা গদ্যলেখক সৈয়দ মুজতবা আলীর জন্মদিন (আমার অন্য প্রিয় গদ্যলেখক রাজশেখর বসু) | বাংলা সাহিত্যে বিশ্বকবি ছাড়া যদি কোনো বিশ্বনাগরিক থাকেন তবে তিনি বিশ্বকবির সাক্ষাৎ শিষ্য, শান্তিনিকেতনের প্রাক্তনী এই লেখক | জন্ম ব্রিটিশ ও

বর্তমান ভারতের করিমগঞ্জে, সিলেটের সুসন্তান, কবির সংস্পর্শে আসেন আগরতলায় তাঁর একটি বক্তৃতা শুনে এবং তারপর শান্তিনিকেতনে ভর্তি হন | উত্তীর্ণ হবার পরে জীবন কাটিয়েছেন আফগানিস্তানে, জার্মানিতে, ইউরোপের বিভিন্ন জায়গায়, মিশরে, স্বল্পসময়ের জন্য

পূর্ব পাকিস্তানে এবং বেশিরভাগ অবশ্যই ভারতে |
অসাধারণ পন্ডিত ও ভাষাবিদ, সম্ভবত তেরোটি ভাষা জানতেন -- বাংলা, ইংরেজি, সংস্কৃত, জার্মান, ফরাসি, উর্দু, হিন্দি, ফার্সী, আরবী, জাগতাই তুর্কী, রুশ, এবং আরো গোটাদুয়েক | এর মধ্যে প্রথম চারটিতে মাতৃভাষার মত পুরোপুরি

সাবলীল | পড়েছিলেন পর্বতপ্রমাণ, লিখেছিলেন প্রচুর, এবং বিভিন্ন বিদেশী পটভূমিকায়, যেজন্য তাঁকে বিশ্বনাগরিক বলি | স্বাধীনতার পর স্বল্পসময়ের জন্য পূর্ব পাকিস্তানের বগুড়া কলেজের অধ্যক্ষ হয়েছিলেন | সেখানে এক আলোচনা সভায় বলেন ইকবাল যত বড় কবিই হোন, রবীন্দ্রনাথের

পায়ের কড়ে আঙুলের নখের যোগ্যও নন | এর ফলে তিনি পশ্চিম পাকিস্তানিদের রোষদৃষ্টিতে পড়েন এবং ভারতে চলে আসেন | তারপর কলকাতা, শান্তিনিকেতন, পাটনা, কটক, দিল্লি ইত্যাদি বহু জায়গায় থেকেছেন |
ওঁর সম্বন্ধে অনেক বিচিত্র গল্প চালু আছে | তার মধ্যে একটি, একবার উনি সকালবেলা

সরস্বতী পুজোর দিন গঙ্গার কোনো এক ঘাটে বসে আছেন | ধুতি পড়া, শুধু কোঁচার খুঁটটা গায়ে জড়ানো | টকটকে গৌরবর্ণ, টাকমাথা, দেখলে সাহেব বলে ভুল হতে পারে | হঠাৎ এক বৃদ্ধা এসে হাজির, বললেন, "বাবা আমার পুজোটা করে দেবে, আমার পুরুত আসছে না, এদিকে নাতনীটা অঞ্জলি দেবে বলে সকাল থেকে

না খেয়ে বসে আছে" ! বৃদ্ধা অবশ্য পৈতেটা দেখতে চান নি, কিন্তু সকালবেলা গঙ্গার ঘাটে অত ফর্সা একটা লোক, বামুন না হয়ে যায় না | ঈষৎ হেসে আলী সাহেব উঠলেন এবং বৃদ্ধার বাড়ি গিয়ে বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে ষোড়শোপচারে পুজো সেরে সিধা নিয়ে ফিরে গেলেন |

আমি ওঁকে ব্যক্তিগতভাবে মাত্র চার দিনের জন্য দেখেছি | পাটনায়, দু-তিন বিঘা জমির উপরে বিশাল একটা বাংলো বাড়িতে থাকতেন, সঙ্গী গোটাদুয়েক কাজের লোক, মাস্টার নামে একটি সারমেয়, আর বাড়িভর্তি বই | স্ত্রী-পুত্র পাকিস্তানে থাকতেন |
অনেকদিন হল এন্তেকাল করেছেন | যেখানেই থাকেন, ভালো থাকুন |

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling